সিলেটে অনন্ত বিজয় হত্যায় ৪জনের মৃত্যুদন্ড
প্রগতিশীল লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলার রায় ঘোষনা করা হয়েছে। রায়ে ৪ আসামিকে মৃত্যুদন্ড ও একজনকে খালাস প্রদান করা হয়। মৃত্যুদন্ড পাওয়া ৪ জনকে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
বুধবার (৩০ মার্চ) দুপরে সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইবুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব এই রায় ঘোষনা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার আবুল হোসেন, খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ, সুনামগঞ্জের তাহিরপুরের বীরেন্দ্রনগরের মামুনুর রশীদ ওরফে হারুন অর রশিদ এবং কানাইঘাটের ফালজুর গ্রামের আবুল খায়ের রশীদ আহমদ।
রায়ের পর্যবেক্ষণে আদালদত উল্লেখ করেন, স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার, লেখালেখি ও প্রগতিশীল চর্চা চীরতরে বন্ধ করতেই অনন্ত বিজয়কে হত্যা করা হয়। এছাড়াও পর্যবেক্ষণে আদালত বলেন, অনন্ত বিজয়কে হত্যার পরপরই টুইটারে আনসারুল্লাহ বাংলা টিম এই হত্যার দায় স্বীকার করলেও বাংলা টিম বা অন্যকোন নিষিদ্ধ সত্ত্বার সংশ্লিষ্টতার বিষয়টি সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়নি।
মামলা থেকে শফিউর রহমান ফারাবিকে খালাস প্রদান প্রসঙ্গে আদালত বলেন, হত্যাকান্ডের সময়ে ফারাবি অন্য মামলায় কারাগারে ছিলেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১২ মে সকালে নগরের সুবিদবাজারে নিজ বাসার সামনে খুন হন অনন্ত বিজয়। পেশায় ব্যাংকার হলেও অনন্ত বিজ্ঞান বিষয়ে লেখালেখি করতেন। যুক্তি নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন আর যুক্ত ছিলেন মুক্তমনা ব্লগের সঙ্গে। এছাড়া তিনি বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
পুলিশের অভিযোগপত্র মতে, লেখালেখির কারণে উগ্রবাদী গোষ্ঠিই তাকে হত্যা করেছে। তাকে হত্যার ঘটনায় পরদিনই তার বড় ভাই রত্নেশ্বর দাশ সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা ৪জনকে আসামি করে হত্যা মামলা করেন। এর প্রায় ৭ বছর পর বুধবার এই মামলার রায় প্রদান করা হয়।
ডেসিস/জকে/ ২০ মার্চ ২০২২ইং

IT Factory Bangladesh