বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৫-১৫ ০৯:৩৪:৫৪


দেশে কোনভাবেই খাদ্য সংকট তৈরী হবেনা : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সুনামগঞ্জে সম্প্রতি বোরো ফসলের কিছু ক্ষয়-ক্ষতি হলেও চাষাবাদ হয়েছে অনেক বেশি। এ থেকে আমাদের ধান-চালের শক্তিশালী একটি মজুদ গড়ে উঠবে।

এছাড়াও গত আউশ ও আমন ধানেরও আমাদের প্রচুর মজুদ রয়েছে এবং বৃষ্টির কারণে আগামী আউশ ফসলও ভালো হওয়ার সম্ভাবনা বেশি। তাই দেশে কোনো ভাবেই খাদ্য সংকট তৈরি হবে না। রোববার (১৫ মে) দুপুরে সিলেট সদর খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভারত সরকারিভাবে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেনি। তবে বেসরকারিভাবে রপ্তানি বন্ধ রয়েছে। তারা রপ্তানি বন্ধ করলেও এতে বাংলাদেশের উপর তেমন কোন প্রভাবও পড়বে না।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর বাংলাদেশে গম আমদানির সবচেয়ে বড় উৎস হয়ে উঠেছিল ভারত। তবে দেশটিতে গত শুক্রবার থেকে গম রপ্তানি বন্ধ রয়েছে।

সিলেটে ধান চাল সংরক্ষনের জন্য ২৫ হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতা সম্পন্ন সাইলো নির্মানের পরিকল্পনা রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, গত এক বছর থেকে আমরা বিদেশ থেকে কোনো চাল আমদানি করিনি। আমাদের কৃষকদের উৎপাদিত ধান দিয়েই চালের চাহিদা মিটছে। তবে গম আমাদের দেশে হয় না, বিদেশ থেকে আমদানি করতে হয়। গম আমদানি করা হতো ইউক্রেন ও রাশিয়া থেকে।

কিন্তু এ দু’দেশের যুদ্ধের সময়ে আমরা সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ৩ লক্ষ মেট্রিক টন গম আমদানি করেছি। পরবর্তীতে যা প্রয়োজন তাও ভারত থেকে আমদানি করা হবে।

ধানের সরকারি দাম সম্পর্কে খাদ্যমন্ত্রী বলেন, সরকার বিভিন্নভাবে ভর্তুকি দিয়ে কৃষকদের সাহয্য করে এবং তাদের কাছ থেকে ঘোষণা দিয়ে দাম নির্ধারণের পর ধান কেনে। কৃষকরা যাতে বাজারে অন্যের কাছে ধান বিক্রি করে না ঠকে, সেজন্য এমনটি করা হয়। এবার ধানের যে দাম নির্ধারণ করা হয়েছে তা আর বাড়ানো হবে না।

এর আগে রোববার দুপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বিমানের ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সেখান থেকে সিলেট সদর খাদ্যগুদাম পরিদর্শনে যান। পরিদর্শন শেষে সিলেট সার্কিট হাউসে কিছু সময় অবস্থান করে মন্ত্রী সুনামগঞ্জের উদ্দেশে সিলেট ত্যাগ করেন।


ডেসিস/জকে/ ১৫ মে ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code