কুলাউড়ায় গৃহবধূর লাশ উদ্ধার, আটক ২
মৌলভীবাজারের কুলাউড়ায় শারমিন আক্তার বিউটি (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গৃহবধূ বিউটি গোবিন্দপুর গ্রামের দুবাই প্রবাসী পায়েল আহমেদের স্ত্রী এবং ইউপি সদস্য শায়েস্তা মিয়ার মেয়ে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে উপজেলার গোবিন্দপুরের স্বামীর বাড়ি থেকে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর শ্বশুর আব্দুল কাইয়ুম (৬০) ও ননদ জেসীকে (২৫) আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, প্রায় ৪ বছর আগে উপজেলার হাজিপুর ইউনিয়নের উত্তর পল্কি গ্রামের বাসিন্দা ও হাজীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য শায়েস্তা মিয়ার মেয়ে বিউটির সঙ্গে একই উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে পায়েল আহমেদের বিয়ে হয়। তাদের সংসার জীবনে ভিবা ও বাহা নামে ৩ বছর বয়সী যমজ ২টি সন্তান রয়েছে।
কুলাউড়া থানার ওসি মো. আব্দুস ছালেক জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। মেয়ের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে শ্বশুর ও ননদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডেসিস/জেকে/১৮ আগস্ট ২০২২ইং

IT Factory Bangladesh