সিলেটে বিশ্বনাথের যুবকসহ ৪জনকে গণধোলাই
সিলেটের জালালাবাদের দশগ্রাম বাজারে ডাকাতির অভিযোগে বিশ্বনাথের এক যুবকসহ আরও ৩যুবককে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে জনতা।
শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। শনিবার (১৫ জানুয়ারি) স্থানীয় ব্যবসায়ী আবুল হোসেনের (৩৮) দায়ের করা মামলায় তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বিশ্বনাথের আকিলপুর গ্রামের চমক আলীর ছেলে রুবেল আহমদ (২১), সিলেটের জালালাবাদ থানার আখালিয়া কলাপাড়ার বড়বাড়ীর রুহুল আমিন (২৪) ও তার প্রতিবেশি সুহেল মিয়া (২১) এবং আখালিয়া নতুন বাজার এলাকার রাহি আহমদ (১৮)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস এক সংবাদ-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ-বিজ্ঞপ্তিতে তিনি বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দশগ্রাম বাজার এলাকায় অস্ত্র-সস্ত্র নিয়ে একদল ডাকাত ডাকাতির উদ্দেশে সমবেত হয়ে বিষ্ফোরক দ্রব্য দিয়ে বিষ্ফোরণ ঘটায়।
এসময় স্থানীয় জনতা তাদের গণধোলাই দিয়ে ধাওয়া দিয়ে পুলিশে সোপর্দ করেন। এসময় উপস্থিত লোকজনের সামনে আটককৃতরা পুলিশি জিজ্ঞাসাবাদে ডাকাতির চেষ্টার কথা স্বীকার করে। আটককালে তাদের কাছ থেকে ১টি রামদা ও ১টি চাকু জব্দ করে পুলিশ।
গণধোলাই খাওয়া ডাকাতদের উদ্ধার করে পুলিশের পক্ষ থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।
এ ঘটনায় ব্যবসায়ী আবুল হোসেন (৩৮) বাদি হয়ে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।
ডেসিস/জেকে/ ১৫ জানুয়ারি ২০২৩ইং

IT Factory Bangladesh