বিশ্বনাথে ঢিলেঢালা হরতালে মাঠে নেই বিএনপি, আ’লীগের শান্তি সমাবেশ
সিলেটের বিশ্বনাথে গতকাল রোববার (২৯ অক্টোবর) বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলে-ঢালাভাবে পালিত হয়েছে।
সকাল ১০টা থেকে বিশ্বনাথ-সিলেট, বিশ্বনাথ-জগন্নাথপুর এবং বিশ্বনাথ-সিংগেরকাছ সড়কে যাত্রিবাহী বাস, মিনিবাস, সিএনজি চালিত অটোরিকশা ও প্রাভেট কার চলতে দেখা গেছে। তবে, বাসের সংখ্যা খুবই কম ছিলো।
বিশ্বনাথ পৌর শহরের সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক, বীমা ও সকল প্রকার দোকানপাঠ খোলা ছিলো। আর উপজেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীও ছিল সতর্ক অবস্থানে।
তবে, বিএনপির হরতাল হলেও মাঠে ছিলেননা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। ফলে সকাল থেকেই পৌর শহরের রাজপথ দখলে নেয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা।
দুপুর ২টারদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর আওয়ামী লীগের ব্যানারে পৌর শহরের বাসিয়া ব্রিজের উপর ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এএইচএম ফিরোজ আলী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, উপ-দপ্তর সম্পাদক নুরুল হক, সদস্য আশিক আলী, তপন দাশ, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলক ভট্টাচার্য, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, বিশ^নাথ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকসহ আরও অনেকে।
ডেসিস/জেকে/ ২৯ অক্টোবর ২০২৩ইং

IT Factory Bangladesh