সিলেটে বাস ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টা, আটক ২
অবরোধের প্রথম দিন
বিএনপি ও জামায়াতের ডাকা ৩দিনের অবরোধ কর্মসূচির প্রথমদিনে সিলেটে একটি যাত্রীবাহী বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে।
অবরোধকারীরা ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসটিতে ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা করে। এ ঘটনায় ২ পিকেটারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানাগেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে দক্ষিণ সুরমার গালিমপুর এলাকায় চান্দাইমুখীর রাস্তার মুখে সিলেট-ঢাকা বাইপাস সড়কে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে পিকেটাররা। এ সময় গাড়িটিতে ভাঙচুরও চালায় তারা। এসময় বাসের যাত্রীরা গাড়ির টায়ারে লাগা আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পিকেটাররা পালিয়ে যায়।
এদিকে মঙ্গলবার সকালে সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। তবে অভ্যন্তরীণ রুটে কিছু যান চলাচল করলেও যাত্রীরা খুবই কম ছিলেন। এ ছাড়া নগরে সিএনজিচালিত অটোরিকশা, রিকশাসহ যানবাহনের সীমিত চলাচল ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ থেকে ১৫টি মোটরসাইকেল নিয়ে হেলমেট পরে একদল পিকেটাররা বাস ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় তারা একটি টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিভে যায়। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে জানালা দিয়ে বাইওে বেরোনোর চেষ্টা করেন। তখন হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। এর কিছুক্ষণ পরই ঘটনাস্থলে পুলিশ এসে হাজির হয়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী বলেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে দক্ষিণ সুরমায় একটি বাসে ভাঙচুর চালান অবরোধকারীরা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পিকেটাররা চলে যান।
তবে, জনসাধারণের স্বাভাবিক চলাচলের জন্যে পুলিশি নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
ডেসিস/জেকে/ ৩১ অক্টোবর ২০২৩ইং

IT Factory Bangladesh