বরিশালে মেয়র নির্বাচিত হলেন আ’লীগের আবুল খায়ের
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ সেরানিয়াত।
সোমবার (১২ জুন) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বরিশাল শিল্পকলা একাডেমিতে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।
ঘোষিত ফল অনুযায়ী, ১২৬টি কেন্দ্রের মধ্যে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রাথী পেয়েছেন ৮৬ হাজার ৯৯৭ ভোট, আর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ফয়জুল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৩০৭ ভোট।
সর্বমোট ১২৬ ভোটকেন্দ্রে ভোট পড়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৪৫টি। সে হিসেব অনুযায়ী অর্ধলাখের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ। তবে, বরিশাল সিটিতে ভোটারের সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৯৯৫জন।
এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৭১ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৯২৪ জন। সিটির ৩০ওয়ার্ডের মধ্যে সংরক্ষিত ওয়ার্ডের সংখ্যা ১০টি। কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ১১৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৪২ জন।
নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহসহ বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে ৭জন প্রতিদ্বদ্বিতা করেছেন। বাকি ৬জন হচ্ছেন, স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান (টেবিলঘড়ি), মো. আলী হোসেন হাওলাদার (হরিণ) ও আসাদুজ্জামান (হাতি), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম (হাতপাখা), জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল) এবং জাতীয় পার্টির ইকবাল হোসেন (লাঙ্গল)।
ডেসিস/জেকে/১২জুন ২০২৩ইং

IT Factory Bangladesh