শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

হবিগঞ্জ



হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০২৩-০৭-২৬ ০৯:৩২:৩০


স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবণ

প্রতিকী ছবি

স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে আশরাফ আলী নামের এক স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত আশরাফ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রতরপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণাকালে তিনি পলাতক ছিলেন।

বুধবার (২৬জুলাই) বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক আজিজুল হক এ রায় দেন।

ওই রায়ে আসামি আশরাফকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ। রায়ে সন্সোষ প্রকাশ করে এ আইনজীবী বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। আইন সবার জন্যেই সমান। এর মাধ্যমে অপরাধ প্রবণতা কমবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

জানা গেছে, ২০০৫ সালের ১৫মে আশরাফ আলী তার স্ত্রী মাহমুদা আক্তার রেনুকে পিটিয়ে হত্যা করেন। পরে তার মুখে বিষ ঢেলে দিয়ে হাসপাতালে নিয়ে যান। তবে, হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে আশরাফ পালিয়ে গেলে স্বজনদের সন্দেহ হয়।

এ ঘটনায় রেনুর ভাই আইয়ূব আলী বাদী হয়ে ৬জনকে অভিযুক্ত করে ওই বছরের ২৯মে আদালতে হত্যা মামলার আবেদন করেন। বিচারক আবেদনটি গ্রহণ করে বানিয়াচং থানাকে এফআইআর করার নির্দেশ দেন। বানিয়াচং থানার তৎকালীন এসআই সিরাজুল ইসলাম ও পরে এসআই হেলাল উদ্দিন মামলাটির তদন্ত করেন।

তদন্ত শেষে আশরাফ আলীকে একমাত্র আসামি করে আদালতে প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা। মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার বিকেলে আদালত এ রায় ঘোষণা করেন।


ডেসিস/জেকে ২৬ জুলাই ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code