শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

হবিগঞ্জ



হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০২৩-১১-১৬ ০৭:১৬:৩৭


নবীগঞ্জে আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ : আহত ১০

ছবি সংগ্রহীত

বুধবার রাতে সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে বের করা মিছিলকে কেন্দ্র বৃহস্পতিবার করে হবিগঞ্জের নবীগঞ্জ আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর থেকে নবীগঞ্জ শহরে নতুন বাজার এলাকায় এঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার (১৫ নভেম্বর) রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিছিল বের করা হয়।

নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমদের নেতৃত্বে মিছিল ও পথসভা করা হয়। ওইসময় উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান খানসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী মিছিল ও পথসভায় যোগ দেন।

পথসভা শেষে সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক তাদেরকে নামাজে রেখে কেন মিছিল শুরু করা হলো এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমদ সাধারণ সম্পাদক গতি গোবিন্দ দাশের কাছে জানতে চান।

এনিয়ে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউপি সদস্য বাবলু আহমদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনা নিস্পত্তির জন্যে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে নবীগঞ্জ শহরের শেরপুর রোডস্থ আওয়ামীলীগ নেতা আব্দুল মালিক মিয়ার অফিসে সালিশ বৈঠকে বসেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় জাবেদুল আলম চৌধুরী সাজু ও বাবলু আহমদের বিরোধটি মীমাংসা করে দেওয়া হলে শেষ পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলুর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

এক পর্যায়ে উভয়ের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং সংঘর্ষ হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক (৫৫), পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবলু মিয়া (৩০), সঞ্জয় দাস (৪০), মিঠু শীল (৩০), সৌরভ তালুকদার (২৫), আনহার আহমদ (৩৫), জিজু মিয়া (৩০), জায়েদ মিয়াসহ (৩২) উভয় পক্ষের ১০ জন আহত হন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, তফসিলকে স্বাগত জানিয়ে বুধবার রাতে বের করা মিছিল নিয়ে বৃহস্পতিবার মারামারি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


ডেসি/জেকে/১৬ নভেম্বর ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code