সুনামগঞ্জ আদালতে বাদীকে হত্যার ঘটনায় মামলা
সুনামগঞ্জ আদাতে হাজিরা দিয়ে যাবার সময় আসামীপক্ষের ছুরিকাঘাতে বাদী মিজানুর রহমান ওরফে খোকন মিয়া (৪৫) নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। নিহতের বাবা ফটিক মিয়া বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে সুনামগঞ্জ মডেল থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলায় ঘটনারদিন আটক হওয়া তিনজনসহ ৫জনের নাম উল্লেখ করে আর ৩জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আটক তিনজনকে শুক্রবার (২২ জুলাই) সুনামগঞ্জের সিনিয়র বাচারিক ম্যাজিষ্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামিরা হচ্ছে, আটককৃত গলাখাল গ্রামের ফয়েজ আহমদ (৩০), সাজিদ মিয়া (৩৪) ও সেসবুল মিয়া (২৫) এবং বাকি দু’জন হচ্ছে একই গ্রামের শাহান মিয়া (২৪), ইসরাইল মিয়া (৩৫)।
সুনামগঞ্জ আদালত পরিদর্শক বুরহান উদ্দিন জানান, ‘খোকন মিয়া হত্যাকান্ডের ঘটনায় আটক তিনজনকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করার জন্য ৫দিন করে রিমান্ড চেয়েছেন। প্রধান আসামী ফয়েজ আহমদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর পৌনে ১টায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে প্রকাশ্য দিবালোকে জগন্নাথপুর উপজেলার গলাখাল গ্রামের ফটিক মিয়ার ছেলে খোকন মিয়াকে ছুরিকাঘাতে খুন করে একই গ্রামের প্রতিপক্ষরা। ঘটনায় জড়িত ফয়েজ আহমদ, সাজিদ মিয়া ও সেবুল মিয়াকে তাৎক্ষণিকভাবে আটক করে পুলিশে সোপর্দ করেন উপস্থিত আইনজীবী ও তাদের সহকারীরা।
ডেসিস/জেকে/২২ জুলাই ২০২২ইং

IT Factory Bangladesh