ছাতকে যুবলীগ নেতা লায়েক হত্যা, এমপি মানিকের ভাতিজাসহ ৩জন রিমান্ডে
সুনামগঞ্জের ছাতকে আলোচিত যুবলীগ নেতা লায়েক হত্যা মামলায় স্থানীয় (সুনামগঞ্জ-৫) এমপি মুহিবুর রহমান মানিকের ভাতিজাসহ ৩আসামির ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৮ মে) সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক মুহাম্মদ হেলাল উদ্দিন শুনানি শেষে তাদের ৩জনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে, এমপি মুহিবুর রহমান মানিকের ভাতিজা ছাতকের মন্ডলীভোগের বাসিন্দা ইশতিয়াক রহমান তানভীর, বাগবাড়ির সাদমান মাহমুদ সানি ও ছাতক মুক্তির গাঁও গ্রামের আলা উদ্দিন।
সোমবার (২৯মে) বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী হুমায়ুন মঞ্জুর চৌধুরী। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওসি নন্দন কান্তি ধর আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ২৮ মার্চ রাতে ছাতক উপজেলা যুবলীগ নেতা লায়েক মিয়ার ওপর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুছ শিবলুর নেতৃত্বে হামলা চালানো হয়। সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় ৩১ মার্চ রাতে ছাতক থানায় পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী ও এমপির আপন ভাতিজা তানভীরসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত যুবলীগ নেতা লায়েকের ভাই আজিজুল ইসলাম।
ডেসিস/জেকে/২৯ মে ২০২৩ইং

IT Factory Bangladesh