মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

জাতীয়



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১১-১৭ ০৯:৫৫:৩৩


রাতের আঁধারে নয়, সরকার গঠন হবে ভোটে : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অস্ত্র হাতে নয়, রাতের অন্ধকারেও নয়, বাংলাদেশে সরকার গঠন হবে ভোটের মাধ্যমে’।

শুক্রবার (১৭নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের নির্বাচনী কমিটির সভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘বিএনপির আমলে দেশের মানুষ ভোট দিতে পারেনি। আমরা (আওয়ামী লীগ সরকার) মানুষের ভেতরে একটা আস্থা, বিশ্বাস অর্জন করতে পেরেছি। একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থেকে মানুষের আস্থা অর্জন করা কিন্তু বেশ কঠিন’।

নির্বাচন বানচালের নামে যারা অগ্নিসন্ত্রাস করছে তাদের ক্ষমা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন করতে দেবে না বলে বিএনপি আগেও আগুন দিয়েছে, এখনো দিচ্ছে। আগুন নিয়ে খেলছে। আগুন নিয়ে খেলা দেশের মানুষ মেনে নেবে না। দেশের মানুষ নির্বাচন বানচাল করতে দেবে না।

এদিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, আগামীকাল শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনবেন শেখ হাসিনা।

এর মধ্য দিয়ে তিনি আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম চলবে আগামী ২১ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত। এজন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ের ২য় ও ৩য় তলায় মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে। আর জমা দেওয়ার জন্য নিচতলায় একটি বুথ থাকবে।

আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। নির্বাচনী কমিটির সভায় শেখ হাসিনা এই ঘোষণা দিয়েছেন। 


ডেসিস/জেকে/১৭ নভেম্বর ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code